২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ইজিবাইকে ধাক্কা মাইক্রোবাসের, শিশুসহ নিহত ২

মাইক্রোবাস ও ট্রাক আটক করে মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। মাইক্রোবাসটি পুলিশের গোয়েন্দা বিভাগের বলেও দাবি তাদের।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 10:51 AM

Updated : 26 Aug 2026, 02:12 PM

পঞ্চগড়ে `গোয়েন্দা পুলিশের’ মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী শিশুসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আরও তিন যাত্রী।  

একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে জানিয়ে স্থানীয়দের দাবি মাইক্রোবাসের দ্রুত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। 

শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান। 

নিহতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার জগদল বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫) ও জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭)। 

আহতরা হলেন, একই উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যাত্রী নিয়ে ইজিবাইকটি পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিল। পথে হ্যালিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকের চালক-যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহমদ ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক শামসুল আরেফিন বলেন, হাসপাতালের আনার আগেই দুইজন মারা গেছেন। গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। মাইক্রোবাসটি পুলিশের গোয়েন্দা বিভাগের বলেও দাবি করেন তারা। 

ঘটনাস্থলের পাশে থাকা মাজেদুল ইসলাম বলেন, “ডিবি পুলিশের মাইক্রোবাসটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সরাসরি সামনে থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশের গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।”

স্থানীয় আরেক বাসিন্দা শাকিল ইসলাম বলেন, “ডিবি পুলিশের গাড়িটির দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনা হয়েছে। পুলিশের গাড়িটি আর একটু হলে আমাদের বাড়িতে ঢুকে যেত।”

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “স্থানীয়রা এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে রেখেছিল। আমরা পরিস্থিতি শান্ত করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেছি।”

পুলিশের গোয়েন্দা বিভাগের গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সঠিকভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”