সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন: ‘আঁতুড়ঘর’ কলসিন্দুরে উচ্ছ্বাস
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান ছয় শিক্ষার্থী বাংলাদেশ দলে অংশ নিয়েছে।
ইতিহাস সৃষ্টি করে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এতে নারী ফুটবলারদের ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে বইছে আনন্দের বন্যা।
বৃহস্পতিবার দুপুরে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজে মিষ্টি বিতরণ করা হয়েছে। কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক চার শিক্ষার্থী এবং বর্তমান দুই শিক্ষার্থী বাংলাদেশ দলে অংশ নিয়েছে। ফলে গ্রামবাসী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড় সবাই মিলেই উদযাপন করেছে এই বিজয়।
বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার বিজয়ী নারীরা দেশে ফিরে পেয়েছে বিপুল সংবর্ধনা।
বিজয়ী দলে কলসিন্দুরের ছয় খেলোয়াড় হলেন- শামসুন নাহার সিনিয়র, শামসুন নাহার জুনিয়র, তহুরা, সানজিদা, শিউলী আজীম ও মারিয়া মাণ্ডা।
টুর্নামেন্টে তহুরা ভুটানের সঙ্গে তিন গোল, ভারতের সঙ্গে দুই গোল এবং শামসুনাহার জুনিয়র এক গোল করেছেন। তবে, নেপালের বিরুদ্ধে ফাইনালে সানজিদা ছাড়া বাকি পাঁচজন মাঠে ছিলেন।
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিষ্টি বিতরণের সময় সাথী, রুজিনা, সাদিয়া, আফরোজা, মল্লিকা হাসিনা ও জীমসহ ৩৪ ক্ষুদে নারী ফুটবলার উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ফুটবল কন্যাদের ‘মা’ খ্যাত অধ্যাপক মালা রানী সরকার, ফুটবল কোচ জুয়েল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ক্ষুদে ফুটবলার সাদিয়া আক্তার বলেন, “আপুদের অর্জনে আমরা গর্বিত। আমরাও তাদের পথ ধরে হাঁটার চেষ্টা করছি। আমি সবসময় তহুরা আপুকে কপি করার চেষ্টা করি। একটা সময় আমরা নানা বিদ্রুপের শিকার হলেও এখন আমাদের পায়ের জাদুতে বারবার সফলতা আসায় মানুষের ভালোবাসা অনেক পাচ্ছি।”
ক্ষুদে ফুটবলারদের কোচ জুয়েল মিয়া বলেন, “টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছেন। এতে দেশবাসীসহ কলসিন্দুরবাসী আনন্দিত। মেয়েদের এমন সাফল্যের ধারা অব্যাহত থাকুক।”
অধ্যাপক মালা রানী সরকার বলেন, “নারী ফুটবল দলের শুরু থেকেই ছিলাম, এখনও আছি। এবার সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলায় আমাদের ছয় ফুটবলার অংশগ্রহণ করেছে। এতে কলসিন্দুরবাসী যেমন খুশি, দেশবাসীও তেমন খুশি ও আনন্দিত।
“আমরা প্রত্যাশা করি, নারী ফুটবলার তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে এবং দেশবাসীকে এভাবে সবসময় আনন্দিত রাখবে।”
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ তাকিত আজমল বলেন, “নারী ফুটবলারদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে করণীয় ঠিক করা হবে।”
ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল বলেন, “মেয়েরা শেষের দুটি ম্যাচ অসাধারণ খেলেছে। রাজনৈতিক নানা প্রেক্ষাপটের কারণে এবার তারা ভালো অনুশীলনও করতে পারেনি। দ্বিতীয়বারের মতো তারা আমাদের গৌরবান্বিত করেছে।
“গতবার তাদেরকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবারও তাদেরকে কিভাবে বরণ করব সে বিষয়ে প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের বরণে আমরা দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি।”
