২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওস্তাদ জাকির হুসেন স্মরণে ‘শাস্ত্রীয় সংগীত সম্মিলন’ শুরু

সঙ্গীতালয়ের শিল্পীদের পাশাপাশি বাংলা গানে রাগ-রাগিণী পরিবেশন করেন নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের শিশু-কিশোররা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 09:26 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

ভারতের কিংবদন্তি তবলাবাদক প্রয়াত ওস্তাদ জাকির হোসেনকে উৎসর্গ করে নারায়ণগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘লক্ষ্যাপারের চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন’।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর চাঁদমারী এলাকায় বেইলি স্কুল পরীক্ষণ থিয়েটার হলে এর উদ্বোধন করেন লক্ষ্যাপারের প্রধান উপদেষ্টা ও শিক্ষানুরাগী কাসেম জামাল।

এ সময় লক্ষ্যাপারের সমন্বয়ক শাশ্বতী পালের পরিচালনায় সদস্য ইকবাল সুমন, সুমনা বিশ্বাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, শিল্পী অমল আকাশ এবং রমা ধর উপস্থিত ছিলেন।

কাসেম জামাল বলেন, “আমার মধ্যে দুঃখ কাজ করে আমি কেন ছোটবেলায় সংগীত চর্চা করি নাই। সংগীত শুধু সংগীতের জন্য নয়, এ ভাবনা থেকে আমাদের বের হয়ে আসার জন্য এই প্রয়াস।

“সংগীতের সঙ্গে শিশুর মনোবিকাশ, তার মনন, চিন্তা-ক্ষমতা, সহনশীলতা, মানবিক মূল্যবোধ সমস্ত কিছু সম্পৃক্ত। সংগীত ব্যক্তি মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শুধু অন্যতম নয়, সর্বশ্রেষ্ঠ। সুর, স্বর এবং শব্দের যে সম্মিলন এটা শিশুকে মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে।”

এ সময় তিনি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সংগীত সাধনায় মনোযোগী ও অভিভাবকদের অনুপ্রাণিত করার আহ্বান জানান।

শিশু-কিশোর অঙ্গণে শাস্ত্রীয় সংগীতের প্রসারে এ বছর ঢাকা ও নারায়ণগঞ্জের শিশু কিশোরদের নিয়ে সাজানো হয়েছে লক্ষ্যাপারের প্রারম্ভিক অধিবেশন ‘সুরের বীজ বুনি’। যা শুরু হয় লক্ষ্যাপার পরম্পরার ক্ষুদে শিল্পীদের শিশুকণ্ঠে সম্মেলক খেয়াল পরিবেশনের মধ্য দিয়ে।

এর পরপরই বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের থেকে দ্বৈত পরিবেশনা করে অর্ণব সরকার এবং অনিয়া পাল। বৃন্দাবনী সারাঙ্গ খেয়াল রাগে তাদের পরিবেশনার প্রশংসা করেন উপস্থিত সবাই।

যন্ত্রসঙ্গীতে সেতার পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের দুই সহোদর সোহিনী মজুমদার (সেতার) এবং সুপান্ত মজুমদার (তবলা)। প্রায় এক ঘণ্টার পরিবেশনায় তাদের শুরুটা ধীরগতির হলেও শেষটা ছিল নাটকীয়। সেতারে ১৫ বছর বয়সি সোহিনী মজুমদারের নিপুণতা বিস্মিত করেছে শ্রোতাদের।

সেইসঙ্গে ভাইবোনের যুগলবন্দি মুগ্ধ করে রেখেছিল উপস্থিত সবাইকে। শ্রোতাদের ইতিবাচক সাড়া আনন্দ দেয় দুই ভাই-বোনকেও। বিষয়টি বোঝা যায় পরিবেশনার শেষের দিকে কঠিনতম অংশেও যখন তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন।

অধিবেশনের এক অংশে ওস্তাদ জাকির হুসেনকে উৎসর্গ করে তবলা লহর পরিবেশন করেন অন্তর্ধ্বনির তবলা বাদকরা। এর আগে গুরু সবুজ আহমেদ তবলা বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

সঙ্গীতালয়ের শিল্পীদের পাশাপাশি বাংলা গানে রাগ-রাগিণী পরিবেশন করেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, হেরিটেজ স্কুল, ফতুল্লা পাইলট স্কুল ও বেইলি স্কুল। অধিবেশনের শেষে দুটি লোকগান পরিবেশন করে মিরপুরের সুবিধাবঞ্চিত শিশু সংগঠন ‘আমাদের পাঠশালা’।

শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে লোকগান পরিবেশনের ব্যাখ্যা দিয়ে শিল্পী অমল আকাশ বলেন, “পৃথিবীর সকল শাস্ত্রীয় সংগীতের আদিরূপ হচ্ছে সে অঞ্চলের লোকগান। মালকোশ নামে একটি রাগ আছে। যা মাল কুশরী জনগোষ্ঠীর লোকগান থেকে রূপান্তরিত। এমন অসংখ্য রাগ-রাগিনীর আদিযাত্রা লোকগান থেকে। 

“যেকোনো সংগীত মানে রাগ-রাগিনী। লোকগানে রাগ-রাগিনী নির্দিষ্ট না হয়ে অন্তর্গতভাবে থাকবে। যেকোনো শিল্প প্রাণ-প্রকৃতি থেকে আসে। তাকে ব্যাকরণে ফেলে ভারতবর্ষে বড় বড় ওস্তাদরা সারগাম, রাগ-রাগিনীতে বেঁধেছেন। যেকোনো সংগীত মানেই হচ্ছে তা প্রাণ প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত। সেটা লোকগান হোক বা শাস্ত্রীয় সংগীত।”

শুক্রবার দুপুর ৩টায় শাস্ত্রীয় সংগীতের দ্বিতীয় পর্ব শুরু হবে। নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের পরীক্ষণ হলে এ পরিবেশনা চলবে পরদিন ভোর পর্যন্ত।

'শাস্ত্রীয় সংগীত সম্মিলন', স্মরণে ওস্তাদ জাকির হোসেন

শেষ হল লক্ষ্যাপারের ত্রয়োদশ শাস্ত্রীয় সংগীত সম্মেলন