Published : 29 Jun 2026, 03:33 PM
চাঁদপুরের কচুয়া উপজেলায় রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরিতে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কচুয়া থানার এসআই সাজ্জাদ হোসেন।
নিহত ফাতেমা বেগম (৭৫) ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টা থেকে সোমবার ভোর ৪টার মধ্যে কোনো এক সময় চোর চক্র বসতঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। মালামাল লুট করার সময় ফাতেমা বেগম টের পেয়ে চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন।

এ সময় চোরেরা বৃদ্ধার থুতনি ও নাকে ধারাল চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুরির উদ্দেশে বাড়িতে ঢুকে অপরাধীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই সাজ্জাদ হোসেন।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।