বরিশালে ছাত্রদল নেতার রগ কাটার অভিযোগে বিএনপির ২ নেতা বহিষ্কার
বহিষ্কার হওয়া দুই নেতার একজন সালাম মৃধা; আরেকজন শাহিন ফরাজী।
বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় বিএনপির স্থানীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সাংগঠনিক শাস্তি পাওয়া দুই নেতা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠির ব্যাপারে জানতে শাহিন ফরাজীর মোবাইল ফোনে চেষ্টা করা হয়; কিন্তু বন্ধ ছিল।
আর স্থানীয়রা বলছেন, ঘটনার পর থেকে শাহীনকে এলাকায় দেখা যাচ্ছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রদল নেতা আসাদুল্লাহর হাত-পায়ের রগ কাটার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিস্কার করা হল।”
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, “আমি চিঠির অনুলিপি পেয়েছি। বর্তমানে আহত ছাত্রদল নেতার পাশে আছি।”
আসাদুল্লাহকে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার তথ্যও দেন তিনি।
