Published : 07 Jul 2025, 12:42 AM
এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী— বিজিবি বলছে, ভারতের পক্ষ থেকে প্রথমে এ হত্যার কথা ‘অস্বীকার’ করা হয়েছিল।
নিহত বাংলাদেশির নাম ইব্রাহিম হোসেন (৪০)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা।
বিজিবি বলছে, তিন দিন আগে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর হয় শনিবার রাতে।
রোববার সন্ধ্যায় নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার মাহফুজুর রহমান সংবাদমাধ্যমে বলেন, প্রথমে বিএসএফ গুলির ঘটনা অস্বীকার করেছিল। বারবার যোগাযোগ করার পর তারা বিষয়টি স্বীকার করে মরদেহ ফিরিয়ে দেয়।
সাপাহার থানার ওসি আব্দুল আজিজ বলেন, “যেহেতু ঘটনা ভারতের ভেতরে, সেখানেই ময়না তদন্ত হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”