কাশিয়ানীতে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার
উদ্ধার অস্ত্রটি কাশিয়ানী থানায় হস্তান্তর করেছে র্যাব।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব।
সোমবার র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, আগের রাত ১০টার দিকে পোনা-সাজাইল সড়কের পাশে পোনা ব্রিজের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করেন তারা।
র্যাব বলছে, গোপন সংবাদে র্যাবের একটি অভিযান চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এয়ারগানটি উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রটি কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা রেজাউল বলেন, “অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
