Published : 02 Feb 2026, 01:25 PM
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে ভোটারদের উৎসাহিত করতে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান চলছে।
সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাকে ঘুরে ঘুরে স্থানীয় শিল্পীরা এই গান পরিবেশন করছেন।
শেরপুর জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে।

‘আইলো নির্বাচন, দেশে আইলো গণভোট, মোরা সবাই ভোট দিবো ভাই গিয়া দলে দলে।”-এমন কথামালায় সাজানো গান পরিবেশন করা হচ্ছে। ভোটার ও সাধারণ মানুষরা তা আগ্রহের সঙ্গে শুনছেন।
শেরপুর জেলা তথ্য অফিসার আবুল আবুল খায়ের বলেন, “দুইদিন ধরে জেলার পাঁচটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই সংগীত পরিবেশন করা হচ্ছে। স্থানীয় শিল্পীরা এতে সংগীত পরিবেশন করছেন।”
শহরের বাজাবাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেন বেলাল বলেন, “ট্রাকে করে ভোটের গান গেয়ে ট্রাকটি বিভিন্ন এলাকায় যাচ্ছে। আমার মনে হয় এতে ভোটের দিক থেকে সবার আগ্রহ বাড়ছে।
“আমি নিজে শুনলাম। আরো যারা শুনেছেন বা দেখেছেন ভোটের প্রতি তারা সবাই আগ্রহী হচ্ছে। এবার ভোটাররা ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দিবে।”
সোমবার দুপুরে এ বিষয়ে কথা হয় সদর উপজেলার আলনিাপাড়া এলাকার বাবর আলী সঙ্গে। তিনি বলছিলেন, “কিছুক্ষণ আগে দেখলাম ট্রাকে করে ভোটের গান গেয়ে গেল। আমার কাছে তা ভালো লেগেছে।
“যেভাবে ভোটের প্রচার চালানো হচ্ছে, আমার মনে হয় এবার মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। গত ১৭ বছর ভোট দিতে গিয়ে ভোটাররা দেখেছে তাদের ভোট দেওয়া হয়ে গেছে। এবার মনে হয় সুন্দর ভোট হবে।
“জামায়াত, বিএনপি বা অন্য যে কেউ পাস করুক না কেন সেটা কথা না। এবার ভোটের প্রতি আমাদের আগ্রহটা বেড়েছে।” যোগ করেন তিনি।
সদর উপজেলা পাকুরিয়া ইউনিয়নের খোকন মিয়া বলেন, “ট্রাকে করে সংগীতানুষ্ঠান করা হচ্ছে। ভ্রাম্যমাণ গানের ট্রাকটি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এতে গানগুলো যারা শুনছেন দেখছেন তারাও ভোটের প্রতি আগ্রহী হচ্ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবে বলে মনে হচ্ছে।”