২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে তেল উত্তোলন বন্ধের আল্টিমেটাম পাম্প মালিকদের

দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন সংগঠনটির নেতারা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 04:43 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ ও পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা না হলে তেল উত্তোলন বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছে রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতি।

শনিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন সংগঠনটি নেতারা।

সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান শিমুল বলেন, “একদিকে জ্বালানি সরবরাহ ঘাটতি রয়েছে অপরদিকে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ইস্যুতে কোনো সহায়তা করা হচ্ছে না। ফলে পাম্পগুলো নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। 

“এ অবস্থায় পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত ও পর্যাপ্ত তেল সরবরাহ না করা হলে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।” 

আনিসুর রহমান শিমুল বলেন, “এখন আমাদের কাছে যে তেল আছে তা রোববার পর্যন্ত সরবরাহ করা যাবে। আমরা রোববার পর্যন্ত তেল বিতরণ করব।”

একই সঙ্গে এ ব্যাপরে রোববার রাজশাহী জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, “খুলনা দিয়ে বাঘাবাড়িতে তেল আসছে। শতকরা ৭৫ শতাংশ তেল দেওয়ার কথা বললেও বাস্তবে তা মিলছে না। এজেন্সিগুলোতে ৩০ থেকে ৪০ শতাংশ ঘটতি থাকছে। রোববারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণ না হলে জেলার ৫০টি পাম্প ও ১০টি এজেন্সি তেল উত্তোলন বন্ধ রাখতে বাধ্য হবে।”