চাঁদপুরে মাদকসহ ৩ ‘কারবারি’ গ্রেপ্তার
উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তারদের সংশ্ষ্টি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার হয়েছে। যারা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার সকালে সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান জানান।
তিনি বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালানো হয়।
সেখান থেকে মাদক কারবারি মো. শাহাজাহান গাজী (৫০) ও মো. ইউসুফ জোয়াদ্দারকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪১টি ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৬৪ হাজার ১১০ টাকা, একটি গাঁজা মাপার মেশিন, দুটি কাঁচি এবং তিনটি মোবাইল ফোন।
এদিকে একই রাত দেড়টার দিকে অপর অভিযানে ফরিদগঞ্জ উপজেলার চরচন্না এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. নাজিমকে (২৪)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি ইয়াবা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্ষ্টি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই সেনা কর্মকর্তা।
