কীর্তনখোলার তীরে তরুণীর অর্ধগলিত লাশ
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
বরিশালের কীর্তনখোলা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বরিশাল সদর নৌ-থানার ওসি হাসনাত জামান জানান।
মৃত নারীর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ওই তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত নারীর পরনে সালোয়ার ও কামিজ ছিলো। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে লাশটি অর্ধগলিত ছিলো বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, তিনদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে লাশের ধরন দেখে ধারণা করছেন তারা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
