স্বামীর দাবি ডাকাতের হাতে স্ত্রী খুন, পরিবার বলছে পরিকল্পিত হত্যা
ভালোবেসে রাসেল মিয়াকে বিয়ে করেছিলেন নারায়ণগঞ্জের মৌসুমি। কিন্তু সম্প্রতি টাকার জন্য মৌসুমিকে নির্যাতন করা শুরু করেন রাসেল।
নারায়ণগঞ্জে ডাকাতের কবলে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে তার স্বামী দাবি করলেও ওই নারীর পরিবার স্বামীর বিরুদ্ধেই পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে।
গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাব এলাকা থেকে মৌসুমি আক্তার (২৪) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করেন নিহতের স্বজনরা।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, “রাত ১১টার দিকে পুলিশ নিহতের মৃত্যুর খবর পায়। নিহতের স্বামীর দাবি, ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে তারা ডাকাত বা ছিনতাইকারীর দলের কবলে পড়েছিলেন।
“কিন্তু নিহতের গলায় ফাঁস লাগানোর মতো চিহ্ন ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তার স্বামীর পিঠেও সামান্য আঁচড় ছাড়া আর কোনো ক্ষত নেই।”
নিহত মৌসুমি আক্তার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে। তার স্বামী রাসেল মিয়া একই এলাকার চাল ব্যবসায়ী। তাদের মো. নাঈম নামে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্বজনরা জানান, ভালোবেসে রাসেল মিয়াকে বিয়ে করেন মৌসুমি। বিয়ের পরের কয়েক বছর ভালোই সংসার চলছিল। সম্প্রতি টাকার জন্য মৌসুমিকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো রাসেল। কিছুদিন আগে রাসেল শারীরিকভাবে নির্যাতন করে মৌসুমিকে বাবার বাড়িতেও পাঠিয়ে দেয়। পরে রাসেলের পরিবারের লোকজন এসে পুত্রবধূকে বাড়ি নিয়ে যায়।
নিহতের ভাই সাজ্জাদ হোসেন বলেন, “বুধবার রাতে ঈদের কেনাকাটা করার কথা বলে গাউসিয়া মার্কেটে নিয়ে যায় আমার বোনকে। পরে ভাগিনাকে দিয়ে বাড়িতে খবর পাঠায় ডাকাতরা রাস্তায় আমার বোনকে কুপিয়ে খুন করেছে।
“খবর পেয়ে সোনারগাঁয়ের শিংলাব এলাকার নির্জন একটি স্থান থেকে আমার বোনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে আমার বোনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
“আমার বোনের গলায় ফাঁস লাগানোর মতো চিহ্ন ছাড়া আর কোনো আঘাত নেই। আমরা ধারণা করছি, বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী।”
পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, “পারিপার্শ্বিক অবস্থা দেখে পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। এতে সন্দেহ স্বামীর দিকে যাচ্ছে। নিহতের পরিবারের সদস্যদেরও স্বামীর বিরুদ্ধে অভিযোগ। পুলিশ নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে।”
নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ পরিদর্শক।
