Published : 08 Jul 2026, 04:50 PM
ময়মনসিংহ নগরে বৃষ্টিতে ঘরের মেঝেতে জমে থাকা পানিতে পড়ে আট মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে খাটে শুয়ে থাকার এক পর্যায়ে শিশুটি পড়ে যায় বলে জানান স্বজনরা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের ব্রাহ্মপল্লী এলাকায় এই ঘটনা ঘটে বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. সুজাউদ্দিন জানিয়েছেন।
মৃত আট মাস বয়সি আয়াস নগরের ব্রাহ্মপল্লী এলাকার আবির মিয়ার ছেলে।

স্বজনদের বরাতে এসআই সুজাউদ্দিন বলেন, আয়াস তার মায়ের সঙ্গে খাটে শুয়েছিল। হঠাৎ খাট থেকে শিশুটি গড়িয়ে মেঝেতে পড়ে জমে থাকা পানিতে গুরুতর আহত হয়।
শিশুটির মামী রুমানা আক্তার বলেন, সারারাত বৃষ্টি হয়েছে। এতে আবিরের ঘরের মেঝেতে পানি ওঠে। ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। হঠাৎ আয়াস গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে গুরুতর আহত হয়।
এসআই সুজাউদ্দিন বলেন, শিশুটিকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হলে তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। পরে স্বজনরা জোর করে শিশুটির লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন।

টানা সাড়ে আট ঘণ্টার ভারি বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ভোর থেকে বৃষ্টির পানি জমে প্রধান সড়ক, হাসপাতাল, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার অনেক অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
নগরীর সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড়, কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে গেছে।
অনেকের বসত ঘরে পানি উঠায় বেড়েছে ভোগান্তি। অনেক স্থানে ড্রেন উপচে নোংরা পানি সড়কে উঠে আসায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অতীতেও একই ধরনের বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতার পুনরাবৃত্তি হয়েছে।