চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি ঘোষণা
“সমাজের সব ধরনের বৈষম্য দূর করে রাজনীতিকে জনগণের আস্থার জায়গায় আনতে এনসিপি কাজ করছে।”
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চুয়াডাঙ্গা জেলার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে ১৯ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এতে খাজা আমিরুল বাশারকে প্রধান সমন্বয়কারী এবং আমির হোসেন সুমিরকে প্রথম যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।
আগামী তিন মাসের অথবা আহ্বাবায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ কমিটিতে সদস্য পদে শাহীন কাউসার, মো. মোসলেম উদ্দিন, সাঈদ শেখ, মোহাম্মদ রাশেদুজ্জামান রাতুল, তন্ময় ইসলাম তুহিন, বেবী নাজনীন, মো. আব্দুর রাব্বি, মোস্তফা কামাল রিঙ্কু, তানভীর ফয়সাল অনিক, জিএম সোহেল পারভেজ, আকিদুল ইসলাম, মোহাম্মদ বরকত উল্লাহ ও মোহাম্মদ হাসানুজ্জামানের নাম রয়েছে।
প্রধান সমন্বয়কারী আমিরুল বাশার বিপ্লব বলেন, “সমাজের সব ধরনের বৈষম্য দূর করে রাজনীতিকে জনগণের আস্থার জায়গায় আনতে এনসিপি কাজ করছে। আগামী দিনে এই কমিটি চুয়াডাঙ্গা জেলায় নতুন রাজনীতির সূচনা করবে।”
সদস্যসচিব আমির হোসেন সুমির বলেন, “দেশের জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি এগিয়ে যাবে। সব ধরনের অন্যায় অনাচারের বিপক্ষে থাকবে আমাদের অবস্থান। আপাতত সাংগঠনিকভাবে আমরা আমাদের গুছিয়ে নিচ্ছি।”
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান বলেন, “চুয়াডাঙ্গা জেলা এনসিপির সমন্বয়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা সবার সঙ্গে আলোচনা করে এই কমিটি দিয়েছি।
“এই কমিটি গণতান্ত্রিকভাবে আগামীদিনে এনসিপির কাউন্সিল পরিচালনার মাধ্যমে একটি আহ্বায়ক কমিটি প্রদান করবে।”
