২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে নির্বিঘ্ন ঈদযাত্রা, ৮০০ কোটির মাইলফলক ছাড়াল টোল

গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতুতে নির্বিঘ্ন ঈদযাত্রা, ৮০০ কোটির মাইলফলক ছাড়াল টোল

পদ্মা সেতু, ফাইল ছবি।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 12:26 PM

Updated : 27 Jun 2023, 12:26 PM

প্রিয়জনের সঙ্গে কোরবানির ঈদ উদ্‌যাপন করতে বাড়ির পানে ছুটছেন মানুষ। এই যাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ এবার কোনো রকম ভোগান্তি বা বিড়ম্বনা ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছেন। 

খুলনাগামী তৌহিদ জানান, “ক’দিন আগেও বাড়ি যাবার আগে শতবার চিন্তা করতে লাগতো। এখন কোনো চিন্তা নাই যখন মন চায় বাড়ি যেতে পারি। আর এখন ঈদ যাত্রা স্বপ্ন মনে হয়। ভাবতেই কেমন যেন লাগে। এর যে কী আনন্দ, কী তৃপ্তি এটা এই পথে চলাচলকারী ছাড়া কেউ বুঝতে পারবে না।” 

এ দিকে যান চলাচল শুরুর এক বছরেই পদ্মা বহুমুখী সেতুতে টোল আদায় ৮০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী। 

তিনি জানান, ঈদে একদিকে যেমন নির্বিঘ্নে ঘরমুখো মানুষ পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে তেমনি রাজস্বও বাড়ছে। গত সোমবার পর্যন্ত টোল আদায় হয়েছে ৮০৫ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ৫৫০ টাকা। এ সময়ের মধ্যে যান পারাপার হয়েছে ৫৭ লাখ ২৮ হাজার ৬৫১টি। 

“এর মধ্যে পদ্মা সেতুতে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।” 

নির্বাহী প্রকৌশলী রজ্জব আলী জানান, পদ্মা সেতুর দুই পারে ১৫টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে সাতটি ও জাজিরা প্রান্তে আটটি বুথ রয়েছে। 

তিনি আরও জানান, ঈদ যাত্রায় মোটরসাইকেল পারাপারের জন্য উভয় পারেই দুটি করে চারটি লেন রয়েছে। সার্ভিস লেনে বাইক চলাচল করায় এবং টোল আদায়ে অতিরিক্ত টোল বুথ করায় অন্য যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে  না। 

সেতুতে সব যানবাহন স্বাচ্ছন্দে চলাচল করছে বলে জানান তিনি।