১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ডেঙ্গুতে ৭০ বছরের নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 11:43 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুন নাহার নামের এক নারীর মৃত্যু হয়।

মৃত নুরুন নাহার বেগম নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের বাসিন্দা।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।  

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৩০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫৪ জন; মারা গেছেন দুজন। 

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, “বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।” 

পশাপাশি দিনেও মশারি ব্যাবহার বা মশা প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জ্বর হলে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে।

জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সচেতনতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রচার চালানো হচ্ছে।

এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভা যৌথভাবে মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করেছে।