১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে চালকের সহকারী নিহত

পুলিশ জানায়, এ সময় কমপক্ষে আটজন বাসযাত্রী আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:41 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়ে একজনের মৃত্যু হয়েছে; এ সময় কমপক্ষে আটজন বাসযাত্রী আহত হয়েছেন। 

রোববার সকালে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি মো. আজমিরুজ্জামান জানান। 

নিহত সুমন মিয়া (৪০) উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে। তিনি বাস চালকের সহকারী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আজমিরুজ্জামান বলেন, রোববার সকাল ৬টার দিকে অরিন পরিবহনের একটি বাস গাইবান্ধা থেকে ঢাকা যাবার পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। 

“এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী সুমন মারা যান। এ সময় আহত কমপক্ষে আটজন বাস যাত্রী। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।” 

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।