Published : 01 Aug 2026, 02:03 PM
সুনামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার হাওরে নৌকা ডুবে চারজন নিখোঁজ হওয়ার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ তিনজন।
শুক্রবার রাত ৩টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈধাখালী এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, উপজেলার মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠান ছিল। ভবানীপুরের কয়েকজনও সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। তারা ডিঙ্গি নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে রাত ৩টার দিকে মইয়ার হাওরের বৈধাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়।
এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকায় থাকা অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২) নিখোঁজ হন।
এর মধ্যে অরুণ দেবনাথের মরদেহ শনিবার বেলা ১১টার দিকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ অন্যদের উদ্ধারে অভিযান চলছে জানিয়ে ইউএনও বলেন, শনিবার সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল উদ্ধারকাজে ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি পুলিশ ও স্থানীয় লোকজনও উদ্ধারকাজ চালাচ্ছেন।