Published : 16 May 2026, 11:04 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টায় জড়িত যুবককে গ্রেপ্তারে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
এই দাবিতে শুক্রবার রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকালেও তারা বিক্ষোভ অব্যহত রেখেছেন।
এর আগে শুক্রবার রাত ১টার দিকে তারামন বিবি হল থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন ছাত্রী হল ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি জানান।
শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে না পারা এবং আগের বিভিন্ন ঘটনায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর ‘নৈতিক অধিকার’ হারিয়েছেন।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘রাত ১০টার দিকে তারামন বিবি হলের গেস্টরুমে বিভিন্ন হল ও অনুষদের নারী শিক্ষার্থীরা একত্রিত হই। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় চলমান পরিস্থিতি, নিরাপত্তা সংকট ও দাবিদাওয়া নিয়ে কথা হয়। গত প্রায় দুই বছরে ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ কারণেই তাদের পদত্যাগ দাবিতে সবাই একমত হয়েছেন।’
এদিকে অবস্থান কর্মসূচির মধ্যে রাত আড়াইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এ সময় প্রক্টরের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে অপরাধ সংঘটিত হলে তা প্রক্টরিয়াল বডি দেখে। তবে বহিরাগত কেউ অপরাধ করলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে পুলিশের এখতিয়ারভুক্ত।”
তার এ বক্তব্যে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য বলেন, “সবকিছুর নির্দিষ্ট নিয়ম রয়েছে। এভাবে বাসভবনের সামনে দাঁড়িয়ে প্রক্টরের পদত্যাগ হয় না। দায়িত্ব পালনে প্রক্টরিয়াল বডির কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত কমিটি গঠন করে খতিয়ে দেখা হবে।”
তবে উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যান শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টা করা হয়।
এ ঘটনায় বুধবার অজ্ঞাতনামাদের আসামি করে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনার পরদিন শিক্ষার্থীরা অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার সম্ভব না হলে প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার ও দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা, ব্যর্থ হলে প্রক্টরিয়াল বডির পদত্যাগ, হেনস্তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়ে কুইক রেসপন্স টিমে অন্তর্ভুক্ত করা এবং শিক্ষার্থীদের জন্য সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
আগের সংবাদ
জাবিতে শিক্ষার্থী ধর্ষণচেষ্টা: নিরাপত্তা জোরদারের পাশাপাশি বহিরাগত প্রবেশে কড়াকড়ি
জাবি শিক্ষার্থী ধর্ষণচেষ্টা: প্রক্টর কার্যালয়ে 'ব্যর্থ', 'অক্ষম'
জাবি শিক্ষার্থীকে 'ধর্ষণচেষ্টা': রাতভর উত্তাল ক্যাম্পাস, ছয় দফা দাবি