১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাবি শিক্ষার্থী ধর্ষণচেষ্টা: প্রক্টর কার্যালয়ে ‘ব্যর্থ’, ‘অক্ষম’ লিখে প্রতিবাদ

মঙ্গলবার রাত ১১টার পর এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক বহিরাগতের বিরুদ্ধে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 10:49 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে ধর্ষণচেষ্টার প্রতিবাদে এবং প্রক্টরের পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে অবস্থিত প্রক্টর কার্যালয়ের ফটকে ও দেয়ালে ‘ব্যর্থ’ ও ‘অক্ষম’, ‘GET OUT’ লিখে প্রতিবাদ জানান তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে একের পর এক নিপীড়ন, সহিংসতা ও নিরাপত্তাহীনতার ঘটনার পরও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ ধর্ষণচেষ্টার ঘটনার পর প্রক্টরের বক্তব্যও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে।

দর্শন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সজীব আহমেদ জেনিস বলেন, “এই প্রক্টর দায়িত্ব নেওয়ার পর অসংখ্য নিপীড়নের অভিযোগ এসেছে। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রক্টর কার্যালয় পুরোপুরি ব্যর্থ।”

ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, “গত কয়েক মাস ধরে ক্যাম্পাসে ধর্ষণচেষ্টা, নিপীড়ন ও হত্যার মত ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাই আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি।”

মঙ্গলবার রাত ১১টার পর পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় দিয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক বহিরাগতের বিরুদ্ধে।

পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

আরও পড়ুন:

জাবি শিক্ষার্থীকে 'ধর্ষণচেষ্টা': রাতভর উত্তাল ক্যাম্পাসছয় দফা দাবি

জাবি শিক্ষার্থীকে 'ধর্ষণচেষ্টা': রাতভর উত্তাল ক্যাম্পাস, ছয় দফা দাবি