২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রংপুরে মোটরসাইকেল চুরির মামলায় পুলিশ সদস্য কারাগারে

কারাগারে যাওয়া ওই পুলিশ সদস্য আগের একটি ঘটনায় সাময়িক বরখাস্ত হয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

রংপুরে নগরে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ছাড়া চোরাই মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে মোটরসাইকেল চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক।

কারাগারে যাওয়া পুলিশ সদস্য মো. মনিরুজ্জামান (৪১) আগের একটি ঘটনায় সাময়িক বরখাস্ত হয়ে রংপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালি এলাকার বাসিন্দা।

এর আগে সোমবার রাতে নগরের খলিফাপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নুরুন্নবী রেজা।

তিনি বলেন, ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে তার ছেলে রেদওয়ান আহমেদ মিম নিজের ব্যবহৃত কালো রঙের সুজুকি জিক্সার ১৫৫ সিসির মোটরসাইকেলটি খলিফাপাড়া বনানী জামে মসজিদের পাশে ‘ভাই-বোন স্টোরের’ সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। 

কিছুক্ষণ পর মিম বাইরে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজটি স্থানীয়দের দেখালে তারা চোরকে শনাক্ত করেন। 

নুরুন্নবী রেজা বলেন, “বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে নজিরেরহাট এলাকা থেকে মোটরসাইকেলসহ মনিরুজ্জামানকে ধরে খলিফাপাড়া হাফিজ উদ্দিন মোড় নিয়ে আনা হয়। এ সময় জনতা তাকে এলোপাতাড়ি মারধর করে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মনিরুজ্জামানকে হেফাজতে নেয়। পরে তার মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মনিরুজ্জামানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ পরিদর্শক রফিক বলেন, “কৃষ্ণ নামের এক ব্যক্তির সহযোগীয় মোটরসাইকেলটি চুরি করেন মনিরুজ্জামান। তবে পলাতক ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।”