ফরিদপুরে বাস চাপায় ২ বাইক আরোহী নিহত
গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বাগেরহাট থেকে ফরিদপুর আসছিল।
ফরিদপুর সদর উপজেলায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুর-খুলনা মহাসড়কে উপজেলার কানাইপুর আখ গবেষণা সেন্টারের সামনে বুধবার বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান করিমপুর হাইওয়ে থানার ওসি শহিদুর রহমান।
নিহতরা হলেন- শহরের বদরপুরের জনৈক মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২২) এবং বোয়ালমারী উপজেলার সাগর (২৫)। সাগরের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বাগেরহাট হতে ছেড়ে আসা ফরিদপুর অভিমুখী গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইক চালক মিরাজ ঘটনাস্থলেই মারা যান।
সাগরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌন ৯টার দিকে তার মৃত্যু হয়।
