Published : 24 Mar 2026, 12:51 PM
যশোরে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বট গাছে ধাক্কা দিলে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার রাত ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বারোবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবির।
নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আব্দুল মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও জনির চার বছর বয়সী মেয়ে সেহেরিশ।
আহতদের প্রথমে যশোর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি আলমগীর কবির বলেন, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে প্রাইভেট কারে যশোরের মণিরামপুরে নিজ বাড়ি ফিরছিলেন। তারা গাইদঘাট পৌঁছালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছে সজোরে ধাক্কা লাগে।
ওসি বলেন, “খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটে ঘটনাস্থলে এসে দেখি রাস্তার ডান পাশে একটি গাছের সঙ্গে প্রাইভেট কারটি বেধে আছে। প্রত্যক্ষদর্শী না থাকায় দুর্ঘটনার কারণ আমরা জানতে পারেনি। সম্ভবত প্রাইভেট কারের চালক ঘুমিয়ে পড়েছিলেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান ওসি।