২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রেলসেতুতে  ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু

প্রাণ বাঁচাতে সেতু থেকে নদীতে লাফ দিয়ে আহত হয়েছেন আরও দুজন।

নাটোরে রেলসেতুতে  ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু

মো. সোহেল রানা

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 11:23 AM

Updated : 28 Dec 2022, 11:23 AM

অসাবধান হয়ে রেলওয়ে সেতু পার হতে গিয়ে নাটোরের নলডাঙ্গায় এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে, রেলওয়ে পুলিশ। প্রাণ বাঁচাতে সেতু থেকে নদীতে লাফ দিয়ে আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সন্ধ্যার পরে নলডাঙ্গার রেলস্টেশনের পাশে বারনই নদীর রেলওয়ে সেতুতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে থানার এসআই নরেশ চন্দ্র দাশ।

নিহত মো. সোহেল রানা নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনা পাতিল এলাকার ফজলুল হকের ছেলে। ২৫ বছরের এই তরুণ পেশায় একজন রাজমিস্ত্রি। এ ঘটনায় আহত দুইজনের পরিচয় জানা যায়নি।

এসআই নরেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজার থেকে ফেরার সময় রেলসেতুর ওপর দিয়ে অসাবধান ও অসচেতন হয়ে যাচ্ছিলেন তারা তিনজন। এ সময় ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি রেল সেতুতে উঠে আসলে তার ধাক্কায় মাথার ডান পাশে প্রচণ্ড আঘাত পান সোহেল।

“এতে সেতু থেকে শুকিয়ে যাওয়া বারনই নদীতে পড়ে ঘটনাস্থলেই মারা যান সোহেল। তার অপর দুই সঙ্গী সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে আহত হয়েছেন।“

আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।