জগন্নাথে আটক জাহাঙ্গীরনগরের সেই শিক্ষক কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অধ্যাপক ফরিদ আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার বেলা ১১টায় ঢাকা জেলা জজ আদালতে ফরিদ আহমেদকে তুলে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আশুলিয়া থানার ওসি বকর সিদ্দিক।
এর আগে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ফরিদ আহমদকে আটক করে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সোপর্দ করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার অধ্যাপক ফরিদ আহমদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার কোতোয়ালি থানার ওসি এনামুল হক বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধ্যাপক ফরিদকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।”
“আশুলিয়া থানায় যোগাযোগ করেছি। তারা চাইলে তাকে গ্রেপ্তার দেখাতে পারেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারব।”
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশ হামলা চলায়।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর এক শিক্ষার্থী বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইজন উপাচার্য, প্রক্টরসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২১৪ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় অধ্যাপক ফরিদ ৮ নম্বর আসামি।
আরও পড়ুন:
