জাহাঙ্গীরনগরের শিক্ষককে আটকে পুলিশে দিল জগন্নাথের শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা আছে, বলেন কোতোয়ালী থানার ওসি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ’পুলিশি হামলার মদদ’ দেওয়ার অভিযোগ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমেদকে আটক করে পুলিশে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে দর্শন বিভাগের ওই শিক্ষককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে একদল শিক্ষার্থী। পরে কোতোয়ালী থানার পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
রাতে কোতোয়ালী থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে আশুলিয়া থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। আশুলিয়ার পুলিশ তাকে পাহারা দিয়ে কোতয়ালী থানাতেই রেখেছে। শুক্রবার তাকে আদালতে উপস্থাপন করবে আশুলিয়ার পুলিশ।
এর আগে ওসি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে অধ্যাপক ফরিদকে হস্তান্তর করে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি, আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আপাতত তিনি আমাদের কাছে হেফাজতে আছেন।
”আমরা আশুলিয়া থানায় যোগাযোগ করেছি। তারা চাইলে তাকে গ্রেপ্তার দেখাতে পারেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারব।”
ওই শিক্ষককে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত জগন্নাথের একাধিক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক ফরিদ আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন রফিক ভবনের নিচতলায় ডেপুটি রেজিস্ট্রার শাহানা আক্তারের রুমে ঢুকতে দেখে। পরে শিক্ষার্থীরা তাকে আটকে কোতোয়ালী থানায় খবর দেয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ এ শিক্ষকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার মদদ দেওয়ার অভিযোগ করেছে। ওই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা গত ১৮ অগাস্ট অধ্যাপক ফরিদকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করে।
বৃহস্পতিবার অধ্যাপক ফরিদকে আটকের সময় উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অধ্যাপক ফরিদ আহমেদের ক্যাম্পাসে আসার খবর পেলে শিক্ষার্থীরা তাকে রুমে অবরুদ্ধ করে। এরপর কোতোয়ালী থানার ওসিকে জানানো হলে তিনি ক্যাম্পাসে এসে ওই শিক্ষককে থানায় নিয়ে যান।
দর্শন বিভাগের শিক্ষার্থী তাওহিদ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকালে জাবির ওই শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা তাকে চিনতে পারি। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সহযোগিতা করায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা আছে। আমরা তাকে কোতোয়ালী পুলিশের কাছে সোপর্দ করি।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হককে ফোন করা হলেও তিনি ধরেননি।
