গোপালগঞ্জে অনুমোদনহীন সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
জব্দ করা সার গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়। এছাড়া সারের প্যাকেট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গোপালগঞ্জে অনুমোদনহীন ৩৯০ কেজি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব সার রাখার দায়ের জরিমানা করা হয়েছে এক ব্যবসায়ীকে।
সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত।
জরিমানা করা হয় বাজারের সার ব্যবসায়ী মো. ইয়াসিন মোল্লাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, মাজড়া বাজারের একটি দোকানে ভেজাল সার মজুদ করে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা হয়।
এ সময় মো. ইয়াসিন মোল্লার দোকান থেকে অনুমোদনহীন ২০০ কেজি জিংক ও ১৯০ কেজি এসওপি সারসহ মোট ৩৯০ কেজি সার জব্দ করা হয়। এসব অবৈধ সার মজুদ ও বিক্রির দায়ে ইয়াসিন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
জব্দ করা সার গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়। এছাড়া সারের প্যাকেট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসুদন দে।
