২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণা সীমান্তে বিজিবির কাছে ৩ জনকে হস্তান্তর করেছে বিএসএফ

একদিন আগে সকালে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক করেছিল বিএসএফ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 03:56 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক তিন বাংলাদেশিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

মঙ্গলবার সকালে উপজেলার বিজয়পুর সীমান্তের শূন্য রেখায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠকে পর বিএসএফ তাদের হস্তান্তর করে বলে জানান দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান।

এ ঘটনায় বিজিবির ৩১/বি কোম্পানির নায়েব শাহ আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান তিনি।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ১১৫০/এমপি পিলারের কাছ থেকে ওই তিনজনকে আটক করে বিএসএফ।

ফেরত আসারা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিড়ালশাখ গ্রামের প্রয়াত আকবর আলীর ছেলে মো. সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের ডোবারচর গ্রামের মোহাম্মদ সুলতান মিয়ার মেয়ে সুমি আক্তার সিমা (২৫) এবং পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর বাজারের মো. মুরাদ খন্দকারের মেয়ে মোছা. মারুফা খাতুন (২৮)।

জিডিতে বিজিবির নায়েব শাহ আলম বলেছেন, সকাল পৌনে ৯টার দিকে ছয় সদস্য করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফ তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে তাদের দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়; সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।