কুষ্টিয়ায় দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিষয়ের দ্বন্দ্বের জেরে এই হত্যা হয়েছে।”
কুষ্টিয়া সদর উপজেলায় দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরেজের কাছে এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান।
নিহত শেখ সাগর (২৬) চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং পেশায় মোটরশ্রমিক।
নিহতের ভাই তৌফিক অভিযোগ করেন, “সাগরের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। এ সময় তারা হুমকি দিয়ে বলে, তোর ভাই সাগরকে ডাক। এরপর আমি সাগরের খোঁজ করতে থাকি। কিছুক্ষণ পরই খবর পাই, সাগরকে মেরে ফেলেছে।
“আসলে সাগর ভাইয়ের সঙ্গে ওদের কী নিয়ে দ্বন্দ্ব, আমি তার কিছুই জানি না। সকালে এদের সবাইকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরতে দেখেছি। এরাই আমার ভাইকে হত্যা করেছে।”
প্রতিবেশীরা জানায়, কোল্ড স্টোরের পাশে সাগরকে কয়েকজন কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, “সাগর নামের যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতজনিত বেশ কিছু জখমের চিহ্ন রয়েছে। তবে গলায় ক্ষতটা বেশি গভীর হওয়ায় দ্রুত মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিষয়ের দ্বন্দ্বের জেরে এই হত্যা হয়েছে।
