Published : 17 Mar 2026, 09:49 PM
রোজার ঈদ উপলক্ষে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরতে শুধু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।
ছুটির প্রথম দিন মঙ্গলবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় যানবাহনের চাপ বেড়েছে। তবে বড় ধরনের যানজট ছাড়াই স্বস্তিতে যাত্রীরা পদ্মা সেতু পার হচ্ছেন।
মাওয়া প্লাজা এলাকা ঘুরে দেখা গেছে, দক্ষিণবঙ্গমুখী যানবাহনের চাপ দিনের তুলনায় সন্ধ্যার পরে কিছুটা বেড়েছে। টোল প্লাজার সামনে সামান্য লাইনের সৃষ্টি হলেও গাড়িগুলো দ্রুত টোল পরিশোধ করে এগিয়ে যাচ্ছে।
ফলে টোল প্লাজায় দীর্ঘক্ষণ যানবাহনের জট তৈরি হচ্ছে না। কিছু সময়ের জন্য টোল বুথগুলো ফাঁকাও দেখা যাচ্ছে। তবে একসঙ্গে কয়েকটি গাড়ি পৌঁছালে সাময়িক চাপ তৈরি হলেও তা দ্রুতই স্বাভাবিক হয়ে যাচ্ছে।

সকাল থেকেই পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছেন লাখো মানুষ। দীর্ঘ ছুটি থাকায় অনেকে ধীরে ধীরে যাত্রা শুরু করায় সড়কে চাপ তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহনের চাপ কমাতে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে মোট ১৭টি টোল বুথ এবং অতিরিক্ত আরও চারটি টোল বুথের ব্যবস্থা করা হয়েছে।
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দুপুরে পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
এ সময় তিনি বলেন, “যানবাহনের একটু চাপ দেখা গেলেও চলাচল স্বাভাবিক রয়েছে। টোল প্লাজায় মোটরসাইকেলসহ অন্যান্য লেন স্বাভাবিক চলছে। পদ্মা সেতু কর্তৃপক্ষের নতুন নির্মিত বাস বে-তে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।”
মাওয়া ট্রাফিক জোনের পরিদর্শক জিয়াউল হক বলেন, “পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ির সংখ্যা কিছুটা বাড়লেও তা সহনীয় পর্যায়ে রয়েছে। দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে বাড়ি ফিরছে। ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে না। তাই বড় ধরনের যানজটের আশঙ্কা নেই। যানবাহন নির্বিঘ্নে পারাপার হতে পারছে।”

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) নাবিল হোসেন বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচলের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। অতিরিক্ত টোল বুথ স্থাপন করা হয়েছে। রাখা হয়েছে নিরাপদ পানি, চিকিৎসার ব্যবস্থা ও টয়লেট।
সোমবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মাওয়া টোল প্লাজা পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন মহাসড়কে যানজটপ্রবণ ২৬০টি স্থান চিহ্নিত করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভাগ।
মন্ত্রী বলেন, “ঘরমুখো মানুষ যাতে নিরাপদ ও স্বস্তিতে যাতায়াত করতে পারে, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

১৩ ঘণ্টায় ২ কোটি ৪৩ লাখ টাকা টোল
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ১৩ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্তে মোট দুই কোটি ৪৩ লাখ ৭৫ হাজার ৫০ টাকা টোল আদায় হয়েছে।

এর মধ্যে মাওয়া প্রান্তে ১৬ হাজার ২৩৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৫০ হাজার ১৫০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্তে পাঁচ হাজার ৮৯৫টি যানবাহন পারাপার করে; যার বিপরীতে টোল আদায় হয়েছে ৯৩ লাখ ২৪ হাজার ৯০০ টাকা।
দুই প্রান্ত মিলিয়ে মোট ২২ হাজার ১৩২টি যানবাহন পারাপার হয়েছে।