২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরে বাঁধের কাজে অনিয়মের অভিযোগ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

কিছু কিছু বাঁধের কাজের গতি সন্তোষজনক হলেও বেশিরভাগের গতি মন্তর, বলা হয়েছে স্মারকলিপিতে।

হাওরে বাঁধের কাজে অনিয়মের অভিযোগ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধের সংস্কার কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় একটি সংগঠন।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 09:55 PM

Updated : 01 Mar 2023, 09:55 PM

সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধের সংস্কার কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।  

বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন স্থানীয়ভাবে গঠিত হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। 

নেতারা ফসলরক্ষা বাঁধের সরজমিন পর্যবেক্ষণের তথ্য উল্লেখ করে স্মারকলিপিতে বলেন, “জেলার ১২৮টি ঝুঁকিপূর্ণ ক্লোজারে মাটি ফেলা হয়নি। দুর্বাঘাস লাগানো ও কমপেকশন বাকি রয়ে গেছে। ১২ উপজেলার অন্তত পাঁচ শতাধিক পিআইসির কাজ পরিদর্শন করেছেন নেতারা। কিছু কিছু বাঁধের কাজের গতি সন্তোষজনক হলেও বেশিরভাগের গতি মন্তর। বাঁধের কাজে নীতিমালা মানা হচ্ছে না কোথাও। বাঁধের প্রকল্প এলাকার সাইনবোর্ডের সাথে তথ্যের মিল পাওয়া যাচ্ছে না।” 

“এবারও ২৮ ফেব্রুয়ারির মধ্যে কোনো কোনো বাঁধই সম্পন্ন করা হয়নি। প্রকল্পের সময় বর্ধিত করা হলেও, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। যথাসময়ে কাজ শুরু করতে না পারা এবং কাজ শেষ করতে না পারায় কাজও টেকসই হবে না। যার ফলে বাঁধগুলো বন্যার ঝুঁকিতে থেকে যাচ্ছে।“

এতে আরও বলা হয়, “হাওরে দুর্নীতিবাজ সিন্ডিকেটের কারণে প্রকৃত কৃষকরা কার্যকরী বাঁধের সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বানানো কৃষক দিয়ে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হচ্ছে। কৃষক নয় এমন ব্যক্তিও নানাভাবে পেয়ে যাচ্ছেন পিআইসি। চলতি বছর বন্যার দোহাই দিয়ে বাঁধের বরাদ্দ, প্রকল্পের পরিমাণ, পিআইসি গঠনে অনিয়ম, অপ্রয়োজনীয় প্রকল্প, অক্ষত ও অল্প ক্ষতিগ্রস্ত প্রকল্পে বিপুল বরাদ্দ দিয়ে সরকারি টাকা অপচয়ের মহোৎসব চলছে।” 

হাওর বাঁচাও আন্দোলনের দাবিগুলোর মধ্যে রয়েছে- হাওরের নদ-নদী, খাল-বিল খননের বিশেষ প্রকল্প গ্রহণ, খননের চলমান প্রকল্পগুলো কঠোর নজরদারিতে নিয়ে আসা, খননে বিশেষজ্ঞদের মনিটরিং বাড়ানো, প্রকল্প জলমহাল বাধ্যতামূলক খননের তদারকি বাড়ানো, হাওর এলাকায় বিএডিসি, মৎস্য বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের খনন কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম রোধ করা।

হাওরে অপ্রয়োজনীয় ও হাওরের প্রাণ-প্রকৃতি বিরোধী প্রকল্প বাস্তবায়ন না করা, কাবিটা নীতিমালা ২০১৭ যথাযথভাবে মানা, অকৃষকদের পিআইসিতে যুক্ত না করা, সবার সামনে গণশুনানি করে গণশুনানি স্থলেই পিআইসি ঘোষণা করা, ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা, ফসলরক্ষা বাঁধের কাজে দুর্নীতি ও অনিয়মে যুক্ত এবং নীতিমালাবিরোধী কাজ অনুমোদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, স্থানীয় ও জাতীয় গণমাধ্যম ও কৃষক পর্যায়ের অভিযোগগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ, হাওরের বাঁধের কাজে প্রকৃত কৃষকদের যুক্ত করে যথাসময়ে অর্থ ছাড় দেওয়া, প্রকল্পের প্রি-ওয়ার্ক ও পোস্ট-ওয়ার্ক দুর্নীতি রোধের কথা উল্লেখ রয়েছে স্মারকলিপিতে। 

এ সময় উপস্থিত ছিলেন- হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, সহসভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য, বাঁধ বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক আনোয়ারুল হক, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক শহীদ নূর আহমেদ, সদস্য চন্দন রায়, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি স্বপন দাস।