হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই নিহত
তাদের নৌকাতেই বজ্রপাতের ঘটনা ঘটে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন।
উপজেলার শালদীঘা হাওরে মঙ্গলবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে বলে ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের ভেকই গ্রামের মৃত মনু মিয়ার সন্তান খোকন মিয়া (৩৫) এবং তার ভাই ঝিলন মিয়া (২৮)। তারা হাওরে মাছ ধরে ও কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
পাইকরহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, দুই ভাই নৌকায় করে মাছ ধরছিলেন। সেখানেই বজ্রপাতের শিকার হন। অন্য জেলেরা দূর থেকে দেখে স্বজনদের খবর দেন। পরে তারা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ওসি মিজানুর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
