২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে অজ্ঞাত যুবকের মস্তকবিহীন মরদেহ

মরদেহটি অন্য কোনা এলাকার অটো চালকের হতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 07:06 PM

Updated : 19 Jan 2024, 07:06 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রমনীগঞ্জ গ্রামের ক্ষেতে মরদেহটি পড়ে ছিল বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম।

মরদেহটি অন্য কোনো এলাকার অটো চালকের হতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে এক নারী ওই ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।

পুলিশ জানায়, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সি যুবকের পরনে ফুল হাতা শার্ট ও ফুলপ্যান্ট ছিল। মরদেহের মাথাটি আশেপাশের কোথাও পাওয়া যায়নি। এ ছাড়া মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, মরদেহটি তাদের এলাকার কারো নয়। মস্তকবিহীন হওয়াতে লোকজনের মরদেহটি শনাক্ত করতে পারছে না।

ওসি সাইফুল ইসলাম বলেন, মস্তকবিহীন মরদেহটির সুরতহাল সম্পন্ন করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে।

বিকাল সোয়া ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।