১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতার বিরুদ্ধে মামলা

শুক্রবার গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দেয় এনসিপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 07:39 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়ায় মামলা হয়েছে।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন বলে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান।

সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে শুক্রবার ফেইসবুকে পোস্ট দেন তানভীর। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে সমালোচনার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও এর স্ক্রিনশট ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপর নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন তানভীর।

ওই দিনই এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো নোটিসে তাকে দল থেকে অব্যাহতির কথা বলা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী দেখার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করা হয়। 

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘আপত্তিকর পোস্ট’ দেওয়ার পর গাজী সালাউদ্দিন তানভীরের বিচার ও গ্রেপ্তার দাবি করে শহরে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করে ছাত্রদল।