২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নাশকতার মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গ্রেপ্তার নাজমুল হুদা লিটন মোহনগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 08:38 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

নাশকতার মামলায় নেত্রকোণার মোহনগঞ্জে সাবেক এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তার মোহনগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হুদা লিটন (৫০) জেলা কৃষকলীগের সদস্য।

শনিবার গভীর রাতে মোহনগঞ্জ পৌর শহরের কাজিহাটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।

মামলার বরাতে পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। পরে রেলওয়ে স্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালানো হয়। তখন সেখানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। 

সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। 

ওসি আমিনুল ইসলাম বলেন, ওই মামলায় নাজমুল হুদা লিটনকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।