বগুড়ায় মিনি ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৪ প্রাণহানি
বগুড়ার কাহালু উপজেলায় মিনি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দরগাহহাট এলাকায় সজল ফ্যাক্টরির সামনে বগুড়া- নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নওগাঁ জেলার ধামুরহাটের তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) ও প্রাইভেটকার চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন (৩০)।
এ ঘটনায় শাকিল (২০) নামে আহত এক যুবককে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, “ক্যান্সারে আক্রান্ত তানছের চিকিৎসার জন্য প্রাইভেটকারে করে নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিলেন। পথে বগুড়া থেকে নওগাঁগামী একটি মিনি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানছের, টগর ও সুমন ঘটনাস্থলেই মারা যান।”
পরে আহত অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। আর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
