ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত
ঝিনাইদহ সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় অগ্রণী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আরাপপুর হাইওয়ে ফাঁড়ির ওসি মিজানুর রহমান।
নিহত আব্দুস সামাদ (৬২) সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
ওসি মিজানুর রহমান জানান, রাউতাইল এলাকায় মেয়ে বাড়ি থেকে সকালে হাঁটতে বেরিয়েছিলেন আব্দুস সামাদ। সাড়ে ৬টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত আব্দুস সামাদকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে তিনি মারা যান বলে জানান ওসি।
