২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পাজেরোর ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় পাজেরোর ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 01:58 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) তিনি মারা যান বলে তার ছেলে রিয়াদ মোল্লা জানিয়েছেন।

নিহত ভ্যানচালক মো. আব্দুল মালেক মোল্লা (৬০) গৌরনদীর কাছেমাবাদ এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।

মালেক মোল্লার ছেলে রিয়াদ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা বৃহস্পতিবার সকালে মাহিলারা বাজার থেকে সবজি নিয়ে আগৈলঝাড়ার যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলারা ইউনিয়ন পরিষদের সামনে একটি পাজেরো পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে সবজি বোঝাই ভ্যানসহ মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন মালেক মোল্লা।

আহত মালেক মোল্লাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মো. বেল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার বিষয়টি কেউ জানায়নি। শুক্রবার লাশ আসার পর খবর পেয়েছেন।