সমুদ্রে এনএসআই সদস্যসহ নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
বরগুনায় পায়রা নদীর মোহনা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই সদস্য ও তার ভায়রার মেয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, “বুধবার বিকাল ৪টার দিকে নূর আক্তার জুঁই (১৮) ও ৬টার দিকে এনএসআই সদস্য মোস্তফা কাদেরের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।”
এর আগে জীবিত উঠতে পেরেছেন কাদেরের স্ত্রী সেলিনা শিকদার (৩৫), তাদের দুই ছেলে আবদুল করিম (১৬) ও মাহাথির মোহাম্মদ (৯)।
সেলিনা শিকদার জানান, দুপুরে সপরিবারে তালতলী উপজেলার নলবুনিয়া শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে আসেন তারা। এ সময় সমুদ্রে গোসল করতে নেমে পানির টানে গভীরে চলে যান পাঁচজন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও বোনের মেয়ে উঠতে পারেননি।
ফায়ার সার্ভিসের তালতলী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন আক্তার বলেন, নিখোঁজের খবর পেয়ে পটুয়াখালীর ডুবুরি দলকে নিয়ে তারা উদ্ধার অভিযানে নামেন।
অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড অংশ নেয় বলে ওসি সাখাওয়াত জানান।
