২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ছাত্রলীগ নেতাকে ‘অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি’

পিরোজপুরে ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিবাদ করায়’ পৌর ছাত্রলীগের এক নেতাকে বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 06:03 PM

Updated : 14 Jul 2022, 07:03 PM

এ ঘটনায় মঙ্গলবার পৌর ছাত্রলীগ সভাপতি আফিস ইকবাল পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান।

সোমবার পিরোজপুর পৌর শহরের মাছিমপুর (বাইপাস) সড়কে এ ঘটনা ঘটে; মঙ্গলবার রাত থেকে সিসি ক্যামেরায় ধারণ করা এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। 

পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল অভিযোগ করেন, সোমবার বিকালে শহরের পিটিআই সড়কের পাশে তিনিসহ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় নম্বর প্লেটবিহীন সাদা রংয়ের একটি প্রাইভেট কার হুলারহাট থেকে সিও অফিসের দিকে বেপরোয়া গতিতে আসছিল।

তিনি বলেন, গাড়িটি পাশ দিয়ে যাওয়ার সময় তাকে চাপা দিতে চাইলে তিনি সরে গেলে হাতে ধাক্কা লাগে। পরে তিনি একটি মোটরসাইকেল চালিয়ে কিছুদূর গিয়ে শহরের বাইপাস সড়কে গাড়িটির গতিরোধ করেন।

“এ সময় গাড়িটির চালক নেমে এসে গাড়ির পিছন থেকে একটি শটগান হাতে নিয়ে তেড়ে আসে। কাছে এসেই কোনো কথা বলার আগেই শটগান লোড করে বুকে ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।”

এ সময় নিজের রাজনৈতিক পরিচয় দেওয়ার পরও অজ্ঞাত পরিচয়ের সেই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে, বলেন আসিফ।

পরে আসিফের সঙ্গে থাকা কয়েক জন ও পথচারীরা এগিয়ে গেলে ‘শটগানধারী’ ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত খুলনার দিকে চলে যান বলে আসিফ জানান।

পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, আসিফ ইকবাল থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।