টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটকরা হল-হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের কাদের বশের ছেলে আব্দুর রহমান (৩০) ও অবরাং গ্রামের আব্দুস সালাম ছেলে মোহাম্মদ নুর (২৫)।
খালিদ বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি হস্তচালিত নৌকায় পাঁচজন ব্যক্তিকে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।
এ সময় নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় এসে নৌকায় থাকা তিনজন লাফ দিয়ে নেমে গ্রামের দিকে পালিয়ে যায়। পরে নৌকাটি ঘেরাও করে দুইজনকে আটক করা হয় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।
তিনি বলেন, “পরে নৌকায় তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বস্তা খুলে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ইয়াবা পাওয়া যায়।"
বিজিবির এ কর্মকর্তা জানান, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৫৭ লাখ টাকা।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
