২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের পরিত্যক্ত ভবন ধসে ৪ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্কুলের পরিত্যক্ত ভবন ধসে চার শিক্ষার্থী আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2022, 02:31 PM

Updated : 25 Oct 2022, 10:23 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির জানান।

তিনি আরও বলেন, “স্কুল ধসের খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিসের লোকজন এসেছি। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

আহতরা হলো- সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের টিন শেড ঘরটি আগে থেকেই পরিত্যক্ত ছিল। বর্তমানে পাশের একটি আধাপাকা ঘরে ক্লাস চলে। দুপুরে স্কুল ছুটির পর শিশুরা বাড়ি ফিরছিল। এ সময় ভবনটি ধসে যায়।

স্কুলের পাশের বাসিন্দা নাসির খান বলেন, “স্কুলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সব সময় আতঙ্কে থাকতাম। এ ব্যাপারে জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো প্রতিকার পাইনি। আজ সেটি ধসে গেল।”