কুমিল্লায় তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটি, যুবককে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় শবেবরাতের তবররুক নিয়ে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে কয়েকজন হামলাকারী।
রোববার রাত ৮টার দিকে পাঁচথুবী ইউনিয়নের মাঝিগাছা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান।
নিহত মোহাম্মদ মাসুক মিয়া (২৮) মাঝিগাছা গ্রামের মধ্যপাড়ার প্রয়াত ফরিদ মিয়ার ছেলে। দুই মেয়ের জনক মাসুক আগে ওমানে ছিলেন। প্রায় দুই বছর আগে দেশে এসে করোনার কারণে আর বিদেশে যেতে পারেননি। বর্তমানে বাড়িতে থেকে রঙ মিস্ত্রির কাজ করে সংসার চালাতেন।
মাসুককে বাঁচাতে গিয়ে হামলাকারীদের আঘাতে তার বড় ভাই জালাল উদ্দিন আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।
এই হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কয়েকজনকে আটক করেছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জালাল উদ্দিন বলেন, শুক্রবার শবেবরাতের রাতে গ্রামের মসজিদে তবররুক বিতরণের সময় একই গ্রামের কয়েকজনের সঙ্গে তার ভাইয়ের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
“এ ঘটনার জের ধরে তারা রোববার রাতে আমাদের বাড়ির সামনে রাস্তার উপর আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পিঠে এবং ঘাড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আমার ভাইকে গুরুতর আহত করে তারা। আমি ভাইকে বাঁচাতে গেলে তারা আমাকেও পিটিয়ে আহত করে।
“পরে বাড়ির ও গ্রামের লোকজন আমাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।”
এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন, শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় মাসুকের চিৎকারে লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামের লোকজন ধাওয়া করে নাছির উদ্দিনকে আটকের পর গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে পাঠিয়েছে।
পুলিশ পরিদর্শক কমল কৃষ্ণ ধর বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে শবেবরাতের তবররুক নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। আমরা হত্যার প্রতৃক কারণ জানতে তদন্ত শুরু করেছি। লাশ উদ্ধারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোমবার সকালে সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হবে।”
এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
