কক্সবাজারে ছোরা-চাপাতিসহ আটক ৫
কক্সবাজার সমুদ্রসৈকত এলাকা থেকে ছোরা-চাপাতিসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সৈকতের সুগন্ধ পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের দুইজন হলেন কক্সবাজার শহরের কানাইয়া বাজার এলাকার আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন (৩২) ও শহরের পাহাড়তলি এলাকার নবী হোসেনের ছেলে মো. রশিদ উল্লাহ (৩৫)।
ফাইল ছবি
র্যাব কর্মকর্তা খাইরুল বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে মাদকসেবীরা অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে বলে খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হয়।
“তারা গভীর রাতে সমুদ্রসৈকত এলাকায় অবস্থান ও ঘোরাঘুরির কারণ বলতে পারেনি। তাদের দেহ তল্লাশি করে ২০টি ইয়াবা, চারটি ছোরা ও একটি নতুন ধরনের চাপাতি পাওয়া গেছে। তারা পেশাদার ছিনতাইকারী ও মাদকসেবী। পর্যটকসহ স্থানীয় লোকজনকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নানা অপকর্ম সংঘটন করে থাকে তারা।”
তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা খাইরুল ইসলাম সরকার।
