সিরাজগঞ্জে ঘর জামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামের কিছু মানুষ।
উপজেলার বড়হর ইউনিয়নের মৈত্র বড়হর গ্রামে রোববার দুপুরে এ মানববন্ধন শেষে বিক্ষোভ-মিছিল হয়।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, উপজেলার আগদিঘল গ্রামের বাসিন্দা আব্দুল আলিম সরকারি চাকরি থেকে বরখাস্ত হন। তিনি চার বছর আগে দ্বিতীয় বিয়ে করে গ্রামে ঘর জামাই হিসেবে আসেন।
তিনি বলেন, “আলিম নিজেকে প্রশাসনের লোক পরিচয়ে প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে হয়রানি করেন। পাশাপাশি একটি মিথ্যা মামলার কারণে গ্রামবাসী তার কাছে জিম্মি হয়ে পড়েছে।”
মানববন্ধনে প্রশাসনের সুষ্ঠু তদন্তে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল আলিম বলেন, “গ্রামের লোকজন নানাভাবে আমাদের অত্যাচার করায় তাদের বিরুদ্ধে মামলা করেছি।
“মামলা তুলে নেওয়ার জন্য তারা নানাভাবে চাপ দিচ্ছে। তাদের দাবি না মানার কারণে গ্রামবাসী আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।”
মানববন্ধনে কৃষক আবুল কালাম আজাদ, মাতব্বর হায়দার আলী, আনোয়ার হোসেন, ঠান্ডু মিয়া, গৃহবধু বন্যা খাতুন বক্তব্য দেন।
এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি হুমায়ন কবির বলেন, একটি মামলা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। মানববন্ধনে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
