২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

দৌলতদিয়ায় ট্রাক থেকে ‘ছিনতাইকারী চক্রের হোতা’ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে পণ্যবাহী ট্রাক থেকে ‘ছিনতাইকারী চক্রের হোতা’ বলছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 11:58 PM

Updated : 28 Apr 2022, 11:48 PM

সোমবার বিকালে উপজেলার মাতুব্বর পাড়ায় (জমিদার ব্রিজ) এই অভিযান চালানো হয় বলে গোয়ালন্দ থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।

গ্রেপ্তার মো. রাকিব প্রামানিক (২৬) গোয়ালন্দের উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার সাইদ প্রামানিকের ছেলে।

ওসি বলেন, বৃহস্পতিবার রাত থেকে গোয়ালন্দঘাট থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ থেকে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজট সৃষ্টির ফলে জমিদার ব্রিজ এলাকায় মধ্যরাতে কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একাধিক পণ্যবাহী ট্রাকের কয়েকজন ড্রাইভার ও সহযোগীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে।

এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে পুলিশ অভিযান চালিয়ে রাকিব প্রামানিককে গ্রেপ্তার করে, বলেন ওসি।

ওসি স্বপন মজুমদার আরও বলেন, রাকিব প্রামানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতের পাঠানো হবে।