২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরা পদ্মার খাল: পালতোলা নৌকার জায়গায় বাড়ি-মার্কেট

দুই যুগের বেশি আগে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ভিতর দিয়ে প্রবাহিত ‘মরা পদ্মার খাল’টির নদী থেকে পানি প্রবেশের মূল পথটি বন্ধ হয়ে যায়; এর পর থেকে মানুষ দখলে-দখলে সেটিকে প্রায় মৃতের পর্যায়ে নিয়ে এসেছে।

শেখ মফিজুর রহমান শিপন

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 03:15 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

গোয়ালন্দ বাজারের মাল্লাপুট্টি এলাকার ‘মরা পদ্মা’ থেকে খালটি উৎপত্তি হয়ে পৌরসভার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ফরিদপুরের কুমার নদের সঙ্গে গিয়ে মিলেছে। স্থানীয়দের কাছে এটি ‘মরা পদ্মার খাল’ নামে পরিচিত।

স্থানীয়রা জানিয়েছেন, এই খালে একসময় পালতোলা নৌকা চলত। পানি ব্যবহৃত হতো সেচে। আশপাশের মানুষ এই খাল দিয়ে পণ্য পরিবহন ও যাতায়াতের কাজ সারতেন। কিন্তু এখন নজরদারি না থাকায় সেখানে ঘরবাড়ি, মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। বর্তমানে প্রায় অস্তিত্বহীন অবস্থা।

খালটির প্রকৃত দৈর্ঘ্য ও চওড়ায় কত ছিল তার কোনো তথ্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া যায়নি। আর এখন এটি অনুমান করারও দুরূহ। কারণ, খালটি ভরাট হয়ে ভাগ ভাগ হয়ে পড়েছে।

সরজমিনে দেখা যায়, গোয়ালন্দ পৌরসভার ভিতর দুই কিলোমিটারের বেশি অংশে খাল দখল হয়ে গেছে। খানিক পর পরই স্থাপনা, মানুষের বসতি। অধিকাংশই প্রভাবশালীরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। 

খালটি দখল করে ভরাট করে ফেলায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। অনেকে ঘর থেকে বের হতে পারেন না।

স্থানীয় বাসিন্দা মো. এনামুল হক (৪৫) বলেন, “আমি শুনেছি, এই খাল দিয়ে বড় বড় নৌকা চলত। আমরা ছোটসময় মাছ ধরতাম, গোসল করতাম, সাঁতার কাটতাম। খালে ভাল স্রোত ছিলো।

“দুই যুগ আগে খালের প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে। বাড়িঘর করে মানুষ ভরাট করে ফেলেছে। যে কারণে এখন আর পানি নেই।”

একই এলাকার মো. আজিবর রহমান শেখ (৫০) জানান, এখন সবচেয়ে বড় সমস্যা হয় বৃষ্টি হলে। পানি তো সরতে পারে না, জলাবদ্ধতা হয়ে যায়। দখলের কারণেই এই অবস্থা।

খালের মধ্যেই বাড়ি করেছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ আলী। তিনি দাবি করেন, সরকারের কাছ থেকে ভূমিহীন হিসেবে এই খাস জমির বরাদ্দ পেয়েছেন। এখন এটি তাদের নিজস্ব সম্পত্তি।

তবে তিনি স্বীকার করেন, এটি এক সময় খাল ছিলো। প্রচুর স্রোত ছিলো। পানি ঢুকতে না পারায় খালটি মরে যাচ্ছে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন রনি গণমাধ্যমকে বলেন, “খালের বেশিরভাগ দখল করে অনেকে ঘরবাড়ি তৈরি করেছেন। অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন। খালটি দখল হয়ে যাওয়ায় পৌরসভার পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে একটু বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে থাকে।”

গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌরসভার ৯ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের কিছু অংশে খালটি অনেকে মাটি ভরাট করেছে। অনেকে ময়লা-আবর্জনা দিয়ে ভরাট করেছে। যে কারণে একটু বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

“এরই মধ্যে খালটি দখলমুক্ত করবার জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সবার সঙ্গে আলোচনা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।”

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক বলেন, “আমরা দেখেছি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দখলে আছে খালটি। খালটি দখলমুক্ত করার জন্য এরই মধ্যে দখলকারীদের তালিকা চেয়ে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তালিকা পেলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।“

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম অঙ্কুর বলেন, “বিষয়টি আমরা দেখেছি। খালটিতে আমাদের দপ্তরের একোয়ার করা বা খাস জমি আছে কিনা সেটা তদন্ত করার জন্য রাজস্ব কর্মকর্তাকে পাঠাব। রিপোর্টের ভিত্তিতে উচ্ছেদ অভিযান প্রয়োজন হলে সেটা করা হবে।”