২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে রেল লাইনে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা আরোহী এক শিশু নিহত এবং আরও সাত আরোহী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 05:48 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

মধুমিতা লেভেলক্রসিংয়ে মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ জানান।

নিহত নূরে আলম নোমান (৮) পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার যাদবপাটি সরকার পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। মাদ্রাসাছাত্র নোমান পূর্ব আরিচপুরে একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকত।

আহতের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নিহত নূরে আলমের মা নাজমা বেগম (৩৭) ও ভাই নাজমুল ইসলাম (১৬), রংপুরের পীরগঞ্জ উপজেলার রাইলধারার মফিজুল ইসলাম (৩০) ও তার স্ত্রী ফাহিমা (২২), আব্দুল হাকিম (৩২) ও তার ভাতিজি সুমাইয়া (১৬)।

এসআই নূর মোহাম্মদ বলেন, সকাল পৌনে ৬টার দিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে মধুমিতা লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে জয়দেবপুরগামী তুরাগ ট্রেন এটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এসআই বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত আব্দুল হাকিম ও মফিজুল ইসলামকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

অটোরিকশার চালকের পরিচয় জানা যায়নি; এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।