২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পর সড়ক থেকে সরলো গ্যাস ট্যাংকার

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে উল্টে যাওয়া গ্যাস ট্যাংকারটি ৩৬ ঘণ্টা পর সরিয়ে নেওয়া হয়েছে; এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 03:41 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় গ্যাসভর্তি ভারি ট্যাংকার অপসারণে প্রয়োজনীয় কারিগরি সক্ষমতার যন্ত্রপাতি এনে কাজ শুরু হয়েছিল। ট্যাংকটিকে দুর্ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ৩টার দিকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।”

তারপরই কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান জানে আলম।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর বহলবাড়িয়া এলাকায় মহাসড়কে উল্টে যায় তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ট্যাংকারটি। বেক্সিমকোর ট্যাংকারটি মোংলা বন্দর থেকে নাটোরে বেক্সিমকোর ডিপোতে যাচ্ছিল।

কুষ্টিয়ার রাস্তায় বিস্ফোরণের আশঙ্কায় গ্যাস ট্যাংকার  

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানিয়েছিলেন, ১০ চাকার ট্যাংকারটি প্রায় ১৭ টন এলপিজি নিয়ে যাচ্ছিল। পথের ওপর আড়াআড়ি পড়ে থাকায় সড়ক অবরুদ্ধ হয়ে গেছে। উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন এই মহাসড়ক দিয়ে যাতায়াতকারী দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩২ জেলার যাত্রীরা।

ট্যাংকারটি অতিঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় কোনো পদ্ধতিতে সরানো সম্ভব হয়নি। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীদের কাছে সহযোগিতা চাওয়া হলে সেখান থেকে একটি কারিগরি দল এসে পর্যবেক্ষণ করলেও তারা উদ্ধারকাজে হাত না দিয়ে ফিরে যান।

ওসি বলেন, যেকোনো সময় ট্যাংকারটি বিস্ফোরিত হতে পারে এমন আশঙ্কা থেকে ঝুঁকি নিতে চায়নি কারিগরি দলটি।

পরে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে উদ্ধারকাজ শুরু হয় জানিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, কুষ্টিয়া ও পাবনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধারকাজে সহায়তা করে হাইওয়ে পুলিশ, ফায়ার সর্ভিস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিশিয়ানরাও এতে পরামর্শ দেন।

তিনি আরও বলেন, “এমন বেহাল রাস্তায় এ জাতীয় ঝুঁকিপূর্ণ ভারি যান চলাচলে অধিক সতর্কতা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, দক্ষ চালক এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই। নাহলে জানমালের আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েই যাবে।”