২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার রাস্তায় বিস্ফোরণের আশঙ্কায় গ্যাস ট্যাংকার

গ্যাস ট্যাংকার উল্টে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছে; দুর্ভোগে পড়েছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের যাত্রীরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 06:04 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

তাছড়া ‘ট্যাংকারটি যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে’ এমন আশঙ্কা থেকে ফিরে গেছে একটি কারিগরি দল; ফলে কখন উদ্ধার করা যাবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানিয়েছেন, রোববার বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর বহলবাড়িয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে উল্টে যায় ট্যাংকারটি।

দুর্ঘটনার কারণ বলতে পারেনি প্রশাসন।

‘বেক্সিমকোর ট্যাংকারটি মোংলা বন্দর থেকে নাটোরে বেক্সিমকোর ডিপোতে যাচ্ছিল’ বলে কুষ্টিয়ার তালবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই শ্যামা প্রসাদ জানিয়েছেন।

ওসি ইদ্রিস বলেন, ১০ চাকার ট্যাংকারটি প্রায় ১৭ টন এলপিজি নিয়ে যাচ্ছিল। পথের ওপর আড়াআড়ি পড়ে থাকায় সড়ক অবরুদ্ধ হয়ে গেছে। উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন এই মহাসড়ক দিয়ে যাতায়াতকারী দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩২ জেলার যাত্রীরা।

“ট্যাংকারটি অতিঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় কোনো পদ্ধতিতে সরানো সম্ভব হয়নি।”

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীদের কাছে সহযোগিতা চাওয়া হলে সেখান থেকে একটি কারিগরি দল এসে পর্যবেক্ষণ করলেও তারা উদ্ধারকাজে হাত না দিয়ে ফিরে গেছেন।

ওসি বলেন, “যেকোনো সময় ট্যাংকারটি বিস্ফোরিত হতে পারে এমন আশংকা থেকে ঝুঁকি নিতে চায়নি কারিগরি দলটি। ফলে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও যানজটেরও কোনো সমাধান হয়নি।”

এখন ট্যাংকারটি আপাতত রাস্তার একপাশে সরানো চেষ্টা করা হচ্ছে বলে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে-আলম জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় কারিগরি পদ্ধতি ব্যবহার করে অন্তত রাস্তা থেকে সরিয়ে যানজটমুক্ত করার চেষ্টা চলছে। কিন্তু কত সময় লাগবে তা বলা মুশকিল। কুষ্টিয়ার জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে।

“অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্যাংকটি সরাতে অন্তত দুটি ভারী ক্রেন ও ট্যাংকারের গ্যাস অপসারণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দরকার।”

প্রশাসনের পক্ষ থেকে মালিকপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে চাপ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।